রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

নেতানিয়াহু যুদ্ধাপরাধী, তিনি গাজায় গণহত্যা চালাচ্ছেন: জেহরান মামদানি

গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে নিউইয়র্কবাসীর মধ্যে ফিলিস্তিনপন্থী মনোভাব বাড়ছে, তবে মামদানির বক্তব্য ইহুদি নেতাদের উদ্বিগ্ন করতে পারে।

by ঢাকাবার্তা
বেঞ্জামিন নেতানিয়াহু ও জোহরান মামদানি। গ্রাফিক, গালা

ডেস্ক রিপোর্ট ।।

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছেন নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। তিনি বলেছেন, নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেবেন। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাই আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে তাঁকে বিমানবন্দরেই আটক করা হবে। যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন, এমন পদক্ষেপ বাস্তবায়ন কঠিন এবং ফেডারেল আইনের লঙ্ঘন হতে পারে, তবু মামদানির অবস্থান নিউইয়র্কে রাজনৈতিক আলোড়ন তুলতে পারে, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের মধ্যে।

গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে নিউইয়র্কবাসীর মধ্যে ফিলিস্তিনপন্থী মনোভাব বাড়ছে, তবে মামদানির বক্তব্য ইহুদি নেতাদের উদ্বিগ্ন করতে পারে। তিনি আগেও নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিলেন এবং এবার তা আরও জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছেন। মামদানি বলেন, ‘এটা এমন একটি কাজ, যা আমি বাস্তবায়ন করতে চাই।’ তিনি কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে স্থানীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা বলেন এবং ২০০৪ সালে সান ফ্রান্সিসকোর মেয়র কেভিন নিউসমের সমকামী বিয়ের লাইসেন্স ইস্যুর উদাহরণ টানেন।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং আদালতের কর্তৃত্ব স্বীকার করে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আইসিসির যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর কোনো আইনগত অধিকার নেই। নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে মন্তব্য করেনি, তবে তিনি বলেছেন, মামদানির হুমকি নিয়ে তিনি উদ্বিগ্ন নন। মামদানি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন, যাঁর বিরুদ্ধেও আইসিসি পরোয়ানা জারি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, নিউইয়র্ক পুলিশকে এমন গ্রেপ্তারে নির্দেশ দিলে মামদানি ফেডারেল সরকারের সঙ্গে সংঘাতে জড়াতে পারেন। অধ্যাপক ম্যাথিউ ওয়্যাক্সম্যান বলেন, এটি রাজনৈতিক কৌশল, আইনগতভাবে কঠোরভাবে গৃহীত নীতি নয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলি হামলায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ডেমোক্র্যাট নেতাদের একাংশ নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, নিউইয়র্কবাসী মামদানির অবস্থানকে সমর্থন করছেন, এমনকি সম্ভাব্য ইহুদি ভোটারদের ৩০ শতাংশ তাঁর পক্ষে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ইসরায়েলের প্রবল সমর্থক এবং আইসিসির পরোয়ানার পর নেতানিয়াহুর আইনি দলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

আইসিসির নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় সদস্য দেশগুলোর ওপর আদেশ বাস্তবায়নের দায়িত্ব পড়ে। তবে যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান সার্ভিসমেম্বারস প্রটেকশন অ্যাক্ট’ আইসিসির সঙ্গে সহযোগিতায় বাধা দেয়, যদিও একটি সংশোধনী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ন্যায়বিচারে সহায়তার সুযোগ রাখে। বিশেষজ্ঞ বেথ ভ্যান শাক বলেন, তাত্ত্বিকভাবে এই ধারা ব্যবহার করে গ্রেপ্তার সম্ভব, তবে নিউইয়র্ক পুলিশের ক্ষমতা স্পষ্ট নয়। অন্য বিশেষজ্ঞ টড বুকওয়াল্ড বলেন, সংশোধনী রাজ্য বা স্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তারের অধিকার দেয় না।

মামদানি বলেন, নেতানিয়াহু নিউইয়র্কে থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে মধ্যপ্রাচ্যে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু মামদানির মন্তব্যকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন এবং বলেন, ‘আমি ট্রাম্পের সঙ্গে সেখানে যাব এবং দেখা হবে।’ ট্রাম্প মামদানিকে সতর্ক করে বলেন, ‘ভালো আচরণ করুন, নইলে বড় সমস্যায় পড়বেন।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net