বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ভারতীয় ড্রোন হামলায় পাকিস্তানে নিহত ১, আহত ৪ সেনা

by ঢাকাবার্তা
আহমেদ শরিফ চৌধুরী

ডেস্ক রিপোর্ট ।। 

একাধিক স্থানে ভারতের পাঠানো ১২টি ড্রোন নিষ্ক্রিয় করেছে পাকিস্তান সেনাবাহিনী। ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং চার সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। অভিযান এখনো চলমান।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ভারত আবারও আগ্রাসী তৎপরতা চালিয়েছে। গত রাতে ভারতের পাঠানো ড্রোনগুলোর জবাবে পাকিস্তান সেনাবাহিনী প্রতিরোধমূলক অভিযান চালায় এবং ড্রোনগুলো ধ্বংস করে।

আইএসপিআরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, পাকিস্তানের মিয়ানো এলাকায় ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, ‘ভারতের আগ্রাসনের জবাবে সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে।’

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুর বিভিন্ন এলাকায় ড্রোন ধ্বংসাবশেষ দেখতে জড়ো হন স্থানীয় বাসিন্দারা।

এই হামলার জের ধরে বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার জানিয়েছে, ইসলামাবাদ, করাচি ও লাহোরের বিমানবন্দর আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগের দিন, বুধবার কাশ্মীর সীমান্তে দুই দেশের মধ্যে ভয়াবহ গোলাগুলি এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়। ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের ছয়টি শহরে নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হন। পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা গোলাবর্ষণে ভারতের পক্ষেও ১৫ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দ্য হিন্দু জানিয়েছে, গোলাবর্ষণে ভারতের এক সেনাও নিহত হয়েছেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net