ডেস্ক রিপোর্ট ।।
পাক-ভারত সীমান্তে বাড়তে থাকা সামরিক উত্তেজনার জেরে এশিয়ার দুই বৃহত্তম ক্রিকেট লিগ—পাকিস্তান সুপার লিগ (PSL) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)—একসঙ্গে সংকটে পড়েছে। ড্রোন হামলা, নিরাপত্তা উদ্বেগ ও কারিগরি সমস্যায় PSL পুরোপুরি পাকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে (UAE) সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, আইপিএলের এক ম্যাচ বাতিল হয়েছে আলো বিভ্রাটের কারণে।
PSL সরছে পাকিস্তান থেকে, খেলোয়াড়রা রওনা দিয়েছেন দুবাইয়ের পথে
PSL-এর দশম আসরের বাকি আটটি ম্যাচ এখন থেকে হবে সংযুক্ত আরব আমিরাতে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয় এক জরুরি বৈঠকের পর। ঐ বৈঠকে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন PCB চেয়ারম্যান মোহসিন নাকভি, এবং বেশিরভাগ খেলোয়াড়ই পাকিস্তান থেকে টুর্নামেন্ট অন্যত্র নেওয়ার পক্ষে মত দেন।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, বেশ কিছু বিদেশি খেলোয়াড় ইতিমধ্যেই পাকিস্তান ছেড়ে ইউএই-এর পথে রওনা দিয়েছেন। তবে PSL আবার মাঠে গড়াতে আরও কয়েক দিন লাগবে, কারণ PCB এখনো নির্ধারণ করেনি কোন কোন ভেন্যুতে বাকি ম্যাচগুলো হবে।
এর আগে, PCB শুধু বলেছিল যে তারা সূচি পুনর্বিন্যাস করবে, তবে PSL পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে কিনা, তা নিশ্চিত করেনি। তখন করাচিকে বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছিল।
মূল সূচি অনুযায়ী রাওয়ালপিন্ডিতে ৪টি, মুলতানে ১টি এবং লাহোরে ৩টি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ড্রোন পড়া, বিদেশি খেলোয়াড়দের উদ্বেগ এবং নিরাপত্তাজনিত হুমকির কারণে পুরো লিগই এখন UAE-তে স্থানান্তর করা হয়েছে।
PSL অতীতেও UAE-তে অনুষ্ঠিত হয়েছে—২০১৬ ও ২০১৭ মৌসুমের অধিকাংশ ম্যাচই সেখানেই হয়েছিল। কোভিডের সময়ও ২০২১ সালের একটি পর্ব সেখানে আয়োজন করতে হয়েছিল।
এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে পাকিস্তানের আন্তর্জাতিক সূচিতেও। ১৮ মে PSL ফাইনালের তিন দিন পরই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা, যেখানে ২৫ মে ফয়সালাবাদে শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে PCB জানিয়েছে, এই সিরিজ হবে কিনা—তা এখনো সিদ্ধান্ত হয়নি।
ধরমশালায় IPL ম্যাচ বাতিল, আলো নিভে যায় মাঝপথে
একই দিনে ভারতের IPL-এও দেখা দিয়েছে দুর্ভোগ। বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস (PBKS) ও দিল্লি ক্যাপিটালস (DC)-এর মধ্যকার ম্যাচটি বাতিল করতে হয় ফ্লাডলাইট বিভ্রাটের কারণে। মাত্র ১০.১ ওভার খেলার পর হঠাৎ তিনটি আলো টাওয়ার নিভে যায়।
প্রায় ১১ মিনিট অপেক্ষার পর জানানো হয় ম্যাচ বাতিল হয়েছে। এর আগে বৃষ্টির কারণে টস ও ম্যাচ শুরুতেও দেরি হয়। এই ম্যাচের পরবর্তী সূচিতে পরিবর্তন আনা হয়েছে—PBKS বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি ধর্মশালার বদলে হবে আহমেদাবাদে।
