বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

উসকানিতে পা না দিয়ে সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের

by ঢাকাবার্তা
তারেক রহমান। ছবি : হেনরি নিকোলস

বিশেষ প্রতিনিধি ।। 

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশবাসীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাংলাদেশ সবসময় ধর্মীয় সম্প্রীতি ও আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিল এবং থাকবে।”

তারেক রহমান লেখেন, “আমি আমার সহকর্মী বাংলাদেশিদের কোনো উসকানিতে পা না দিয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানাই। আমাদের দেশ অনেক চ্যালেঞ্জের মুখে রয়েছে, কিন্তু নাগরিকদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনার পতনের পর ভারতের রাজনৈতিক মহল এবং সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে। আগরতলায় বাংলাদেশের কনস্যুলেটে হামলা এ ধরনের অপপ্রচারের উদাহরণ। এটি প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা ছাড়া কিছুই নয়।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তারেক রহমান বলেন, “২০০ মিলিয়ন জনসংখ্যার একটি অস্থিতিশীল বাংলাদেশ কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনে বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি প্রয়োজন।”

তিনি পুনরায় দেশবাসীকে উসকানিতে পা না দিয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং সবাইকে সম্প্রীতি ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net