সোমবার, এপ্রিল ২০, ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলক উৎসে কর কর্তন

হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তরের নির্দেশনায় নির্ধারিত সীমার বেশি বেতনে পুরুষ ও নারী কর্মকর্তা–কর্মচারীদের কর কাটা বাধ্যতামূলক করা হয়েছে

by ঢাকাবার্তা
বাংলাদেশ সরকারের সীল

স্টাফ রিপোর্টার ।। 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন এখন বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়। সোমবার (১০ নভেম্বর) জারি করা এ নির্দেশনায় বেতন বিল প্রস্তুতের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উৎসে আয়কর কাটার নির্দেশ দেওয়া হয়েছে।

সিজিএ’র অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা পত্রে বলা হয়েছে, আয়কর আইন–২০২৩ অনুযায়ী চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। ফলে তাদের বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক।

  • আয়কর আইন–২০২৩ অনুযায়ী নতুন নির্দেশনা জারি
  • পুরুষদের ২৬,৭৮৫ টাকা ও নারীদের ৩০,৩৫৭ টাকার বেশি বেতনে কর কাটতে হবে
  • বেতন বিল প্রস্তুতের সময়ই উৎসে কর কর্তনের নির্দেশ
  • ট্রেজারি রুলস অনুযায়ী কর্তনের দায়িত্ব উত্তোলনকারীর ওপর
  • দেশের সব হিসাব কর্মকর্তা ও সংশ্লিষ্ট দফতরকে ব্যবস্থা নিতে নির্দেশ

চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি রুলস এসআর–১২৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে, যার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাজেট–১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের প্রতি।

উল্লেখ্য, নির্দেশনার সূত্র হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত ৭ অক্টোবর জারি করা আধা–সরকারি চিঠির উল্লেখ রয়েছে, যেখানে সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net