শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

অন্তর্বর্তী সরকারকে এখনই কেয়ারটেকার মুডে চলে যেতে হবে : খসরু

বিএনপি নেতা বলেন, সরকারের ভেতরে-বাইরে যাদের কারণে নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে, তাদের সরিয়ে সংবিধান অনুযায়ী কেয়ারটেকার সরকারের ভূমিকা নিতে হবে

by ঢাকাবার্তা
আমির খসরু মাহমুদ চৌধুরী

স্টাফ রিপোর্টার ।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে এখনই কেয়ারটেকার সরকারের মুডে চলে যেতে হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, বর্তমান সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী নির্বাচনে কেয়ারটেকার সরকারের দায়িত্ব তারাই পালন করবে, তাই তাদের অবিলম্বে কেয়ারটেকার সরকারের ভূমিকা নিতে হবে। তিনি বলেন, কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার মানে হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়া।

  • জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
  • অন্তর্বর্তী সরকারকেই নির্বাচনের সময় কেয়ারটেকার সরকারের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য
  • নিরপেক্ষতা রক্ষায় বিতর্কিত ব্যক্তিদের সরানোর আহ্বান
  • সরকারের এখন আর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ
  • নির্বাচন প্রশ্নবিদ্ধ করার নানা কার্যক্রম চলছে বলে অভিযোগ
  • “রাস্তার আন্দোলনের সময় শেষ, এখন যেতে হবে জনগণের কাছে”—আমির খসরু
  • শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান, ড. ইউনূসের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা

তিনি আরও বলেন, সরকারের ভেতরে বা বাইরে যাদের কারণে নিরপেক্ষতা ব্যাহত হতে পারে, তাদের রেখে নিরপেক্ষতা রক্ষা সম্ভব নয়। সাম্প্রতিক কিছু পদায়ন ও বদলিতে পক্ষপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, যাদের নিয়ে প্রশ্ন উঠেছে, যারা নির্বাচনে অংশ নেবে বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তারা সরকারের দায়িত্বে থাকলে কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন সম্ভব নয়। কেয়ারটেকার সরকারের চরিত্র ও দায়িত্ব সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, তাই এখন থেকেই সরকারকে সেই ভূমিকা অনুসারে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকারের এখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া উচিত নয়। বরং ধীরে ধীরে দৈনন্দিন কাজেই সীমাবদ্ধ থাকা প্রয়োজন, কারণ বড় সিদ্ধান্ত নিলে নানা প্রশ্ন উঠছে।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে মাঠে নানা ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্টের চেষ্টা। অথচ বিএনপি চাইলেই রাস্তায় নামতে পারত, কিন্তু তারা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তা করেনি।

তার ভাষায়, “জনগণের ম্যান্ডেটের বাইরে কিছু দেয়ার চেষ্টা হচ্ছে। অথচ আগামী নির্বাচনে অংশ নিয়ে প্রতিটি দলের ম্যান্ডেট নেওয়ার অধিকার আছে। রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়।”

রাস্তায় আন্দোলনের সময় শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যেতে হবে জনগণের কাছে। রাস্তায় নয়, ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যান। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাস করুন, তবেই গণতন্ত্র টিকবে।”

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, “আমরা চাই একটি শান্তিপূর্ণ ট্রানজিশন হোক। ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনাকে সম্মানের সঙ্গে দায়িত্ব শেষ করতে দিতে হবে। কিন্তু কিছু লোকের কার্যকলাপে সেটি বিঘ্নিত হচ্ছে। তাই আমরা বলেছি, অন্তর্বর্তী সরকারকে এখনই পুরোপুরি কেয়ারটেকার মুডে যেতে হবে। যাদের নিয়ে বিতর্ক আছে, তাদের বাদ দিতে হবে।”

সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান ও মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net