বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

টানা তৃতীয় জয় বাঘিনীদের, বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

by ঢাকাবার্তা
বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচের একটি দৃশ্য

ডেস্ক রিপোর্ট ।।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ নারী দল। আজ (মঙ্গলবার) স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল করল টাইগ্রেসরা। বাকি দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে ২০২৫ ভারতের বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে রেকর্ড ২৭৬ রান তোলে বাংলাদেশ। এটি ওয়ানডেতে বাংলাদেশের নারীদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে করা ২৭১ ছিল সর্বোচ্চ।

দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আক্তার ১০৩ রানের জুটি গড়েন। দুজনই করেন ৫৭ রান। একইসঙ্গে ওয়ানডেতে প্রথম বাংলাদেশি জুটি হিসেবে তারা ১ হাজার রানের রেকর্ড গড়েন। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ঝড়ো ব্যাটিংয়ে দলকে বড় পুঁজি এনে দেন। তিনি ৫৯ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন। ওয়ানডেতে টানা তিনটি পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন তিনি, যা এর আগে কেবল ফারজানা হকই পেরেছিলেন।

বল হাতে শুরুতেই স্কটল্যান্ডকে চাপে ফেলেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ফেলে স্কটল্যান্ড। এরপরও অষ্টম উইকেটে লড়াই করে প্রিয়ানাজ চ্যাটার্জি ও র‍্যাচেল স্ন্যাটার। তারা গড়েন ১১৫ রানের রেকর্ড জুটি, যা ৭ উইকেট পড়ার পর ওয়ানডেতে প্রথম শতরানের পার্টনারশিপ।

তবে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে স্কটল্যান্ডের ইনিংস থামে ৯ উইকেটে ২৪২ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাহিদা আক্তার।

এই জয়ে বাংলাদেশ এখন বিশ্বকাপের খুব কাছাকাছি। আর মাত্র ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের টিকিট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৬ (ইশমা ১৪, ফারজানা ৫৭, শারমিন ৫৭, নিগার ৮৩, সোবহানা ৯, রিতু ১২, ফাহিমা ২৬, নাহিদা ২*; স্ল্যাটার ৬-১-৩৩-১, ক্যাথরিন ব্রাইস ৯-০-৫৩-২, অ্যবেল ৮-০-৩৭-১, চ্যাটার্জি ৬-০-৩৪-১, মাকসুদ ১০-০-৪৮-০, ফ্রেজার ৯-০-৫৪-১, ম্যাককোল ২-০-১৭-০)

স্কটল্যান্ড: ৫০ ওভারে ২৪২/৯ (পিপ্পা ১৭, ড্রামন্ড ১, ক্যাথরিন ব্রাইস ৫, সারাহ ব্রাইস ৪২, লিস্টার ১৮, ম্যাককোল ৫, ফ্রেজার ৮, চ্যাটার্জি ৬১, স্ল্যাটার ৬৩, অ্যাবেল ০, মাকসুদ ৪; মারুফা ৫-১-১৯-১, নাহিদা ১০-০-৪০-৪, ফাহিমা ৮-০-৪৬-০, সুমনা ১০-০-৪৩-২, রাবেয়া ১০-০-৩৩-১, রিতু ৩-০-২০-০, সোবহানা ৪-০-৩১-০))

ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী

ম্যাচ সেরা : নিগার সুলতানা জ্যোতি

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net