বুধবার, মার্চ ১১, ২০২৬

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

by ঢাকাবার্তা
জিএম কাদের ও শেরীফা কাদের। গ্রাফিক, গালা

স্টাফ রিপোর্টার ।। 

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক রেজাউল করিম রোববার আবেদন করেন জিএম কাদের দম্পতির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে। আবেদনে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিএম কাদের ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তাদের নামে দেশে-বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। দুদকের ধারণা, তারা সম্পদ হস্তান্তর করে দেশ ছেড়ে পালাতে পারেন, যা অনুসন্ধান কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে। এ কারণে তাদের বিদেশযাত্রা ঠেকানো জরুরি।

২০০৯-১৪ মেয়াদে মন্ত্রী ছিলেন জিএম কাদের। এর আগে ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তবে গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনে বিপাকে পড়ে জাতীয় পার্টি। এরপর থেকেই জিএম কাদেরকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি।

সম্প্রতি জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ আওয়ামী লীগের ঘনিষ্ঠতার ‘অভিশাপ’ থেকে দলকে মুক্ত করতে কাদেরকে নেতৃত্ব থেকে সরানোর উদ্যোগ নেয়। গত ৯ আগস্ট রওশন এরশাদপন্থিদের সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ ও মো. মুজিবুল হক চুন্নুর অংশ এক হয়ে নতুন কমিটি গঠন করে। এতে আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান, এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিব, কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো-চেয়ারম্যান এবং চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হন।

জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদ ছিলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিয়েছিল।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net