স্টাফ রিপোর্টার ।।
রোববার (৩১ আগস্ট) সকালে রাজধানীতে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সকাল ১১টা ৩০ মিনিটে গুলশান-২ এর ৯৬ নম্বর রোডের একটি বাসভবনে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্ধারিত সময় অনুযায়ী বৈঠকটি শুরু হলেও, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সূত্র জানায়, বৈঠক চলাকালীন সময়েই সংবাদটি লেখা হচ্ছিল। খবর, বাংলা আউটলুক।
অন্যদিকে, মাত্র আট মিনিট আগে—সকাল ১১টা ২২ মিনিটে—রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান। এই বৈঠকেও আলোচনার বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এস এম কামরুল হাসান
প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয় এবং পিএসও তিন বাহিনীর সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকেন।
দুই বৈঠকের সময় ও অবস্থানগত সমাপতন প্রশাসনিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি করেছে। যদিও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, সংশ্লিষ্ট মহলে আলোচনার সূত্রপাত ঘটেছে।
