শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিত, ট্রাম্পকে ড. ইউনূসের ধন্যবাদ

by ঢাকাবার্তা
ডোনাল্ড ট্রাম্পকে ড. মুহাম্মদ ইউনূসের ধন্যবাদ। গ্রাফিক, গালা

স্টাফ রিপোর্টার ।।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার দিবাগত রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

অধ্যাপক ইউনূস তার পোস্টে মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট মেনশন করে বলেন, “৯০ দিনের শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব আমরা।”

এর আগে সোমবার অধ্যাপক ইউনূস ট্রাম্পকে একটি চিঠি পাঠান। সেখানে তিনি বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিতের অনুরোধ জানান। একই সঙ্গে চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্য— যেমন গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসাসামগ্রীর ওপর ৫০ শতাংশ শুল্ক কমানোর কথাও বলেন তিনি।

চিঠিতে ইউনূস আরও লেখেন, “আমরা আগামী প্রান্তিকের মধ্যে আমাদের পরিকল্পনা অনুসারে কাজ শেষ করব। এসব কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক সভার জন্য দয়া করে প্রয়োজনীয় সময় দেবেন। তাই আমি আপনাকে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক আরোপের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করুন।”

ট্রাম্প বুধবার রাতে তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাল্টা শুল্ক স্থগিতের ঘোষণা দেন। তিনি জানান, আগামী তিন মাস পাল্টা শুল্ক কার্যকর থাকবে ১০ শতাংশ হারে। তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দেন তিনি।

অধ্যাপক ইউনূস তার চিঠিতে বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য এজেন্ডায় বাংলাদেশ সহায়তা করবে এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের কর্মকর্তারা একসঙ্গে কাজ করবেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য— তুলা, গম, ভুট্টা ও সয়াবিন— বাংলাদেশের বাজারে আমদানি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তুলার বাজার সম্প্রসারণে বাংলাদেশে শুল্কমুক্ত বন্ডেড ওয়্যারহাউস সুবিধা চালুর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net