খেলা ডেস্ক।।
প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: চতুর্থ দিন- বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪৯.২ ওভারে ১৮২/১০ (মুমিনুল ৮৭*, মাহমুদুল হাসান জয় ০, নাজমুল হোসেন শান্ত ৬, জাকির হাসান ১৯, দীপু ০, লিটন ০, তাইজুল ৬, মিরাজ ৩৩, শরিফুল ১২, খালেদ ০, রানা ০), লক্ষ্য ৫১১ রান।
ফল: শ্রীলঙ্কা ৩২৮ রানে জয়ী।
আগামীকাল স্বাধীনতা দিবস, তার আগেই বাংলাদেশ ক্রিকেট দেখলো বিশাল লজ্জার হার। সিলেট টেস্টে আগের দিনই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৫১১ রানের অসম্ভব লক্ষ্যে বাংলাদেশকে গড়তে হতো রেকর্ড। যেখানে টাইগারদের ২১৫ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই! তাই চতুর্থ দিন দেখার ছিল প্রতিরোধটা কতক্ষণ স্থায়ী হয়। সেই প্রতিরোধটা দেখা গেলো লোয়ার অর্ডারে। যার পথপ্রদর্শক হয়ে থাকলেন মুমিনুল। তাইজুলের বিদায়ের পর সপ্তম উইকেটে মিরাজ ও অষ্টম উইকেটে শরিফুলকে নিয়ে জুটি গড়েছিলেন। পুরো ইনিংসে ৬৬ ও ৪৭ রানের এই দুটি জুটিতেই লড়াই করেছে বাংলাদেশের। মিরাজ, শরিফুল ফিরলেও মুমিনুল একা আরও কিছুক্ষণ টেনে নিয়েছেন। অভিজ্ঞ ব্যাটার ৮৭ রানে অপরাজিত থাকলেও নাহিদ রানা বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না! এই পেসারের উইকেট পড়তেই ১৮২ রানে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। তাতে ৩২৮ রানের বড় হারে টেস্ট সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন পেসার কাসুন রাজিথা। ৩৬ রানে ৩টি নিয়েছেন বিশ্ব ফার্নান্ডো। লাহিরু কুমারাও ৩৯ রানে দুটি শিকার করেছেন।
এর আগে কামিন্দু মেন্ডিসের ১৬৪ ও ধানঞ্জয়া ডি সিলভার ১০৮ রানে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে লিড পায় ৫১০ রানের। তারা ৪১৮ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের পক্ষে এই ইনিংসে সর্বোচ্চ চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
