চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাবা বিএনপি’র রোডমার্চে অংশ নেয়ায় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতা ছেলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। নীরব হোসেন ইমন নামে এই ছাত্রলীগ নেতা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট আলকাজ পণ্ডিতের বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা নীরব হোসেন ইমন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে তার বাবা মোহাম্মদ জহির (৪৫) পোমরা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। ইমন বর্তমানে চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, পোমরা ইউনিয়নে জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে রোডমার্চ উপলক্ষে বিএনপি নেতারা জড়ো হচ্ছেন, এমন খবরে তাৎক্ষণিক শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে ছাত্রলীগ নেতা নীরব ইমনও ছিলেন। এ সময় চট্টগ্রাম নগরের অনুষ্ঠিত বিএনপি’র রোডমার্চ কর্মসূচিতে তার বাবার অংশ নেয়ার একটি ছবি দেখতে পেয়ে তাকে ফেসবুক মেসেঞ্জারে লাল চিহ্ন দিয়ে পাঠান অন্য এক ছাত্রলীগ নেতা। যেটি তাদের মেসেঞ্জার গ্রুপেও শেয়ার করা হয়েছিল। ছাত্রলীগ নেতা নীরব ইমন বাবার ছবিটি দেখে ছুটে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগী করেন।
একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনার বিষয়ে তার বাবা মোহাম্মদ জহির বলেন, আমি ছিলাম শহরে। ঘরে কী হয়েছে জানি না। তবে আমি বিএনপি’র প্রোগ্রামে এসেছি শুনে ইমন বিষপান করেছে বলে জেনেছি।
ইমনের স্বজন ও পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ইমনের বাবা সম্পর্কে আমার ফুফাতো ভাই। তিনি বিএনপি’র রাজনীতিতে জড়িত থাকায় আমার সঙ্গে তার কথাবার্তা হতো না। তবে ইমন তার বাবাকে প্রায় সময়ই বিএনপি’র রাজনীতি থেকে বিরত থাকতে বলতেন। এরপরও তার বাবা বিএনপি’র রোডমার্চ কর্মসূচিতে যাওয়ায় ক্ষোভে ইমন এই ঘটনা ঘটিয়েছে বলে জেনেছি। ইমন এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
