শুক্রবার, মার্চ ৬, ২০২৬

পাকিস্তানের আদিয়ালা কারাগারে ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা

অভিযানে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে ভারী অস্ত্র ও বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তারা। সন্ত্রাসীকে অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
পাকিস্তানের আদিয়ালা কারাগারে ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা

বিদেশ ডেস্ক।।

পাকিস্তানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা হয়েছে। তবে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং পুলিশের এক যৌথ অভিযানে এই হামলা চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ। এ সময় তিন সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়েছে। এই কারাগারেই বন্দি রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে ভারী অস্ত্র ও বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তারা। সন্ত্রাসীকে অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়েছে বলেও জানান তারা। রাওয়ালপিন্ডি পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পুলিশ এবং সিটিডি’র সদস্যরা আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং তিন সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়েছে, যারা আফগানিস্তানের বাসিন্দা।

রাওয়ালপিন্ডির সিটি পুলিশ অফিসার (সিপিও) সৈয়দ খালিদ হামদানি বলেছেন, সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং কারাগারের মানচিত্রও জব্দ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে কারাগার ও আশপাশে তল্লাশি অভিযান চালাচ্ছেন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, আদিয়ালা কেন্দ্রীয় কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ আসামি বন্দি রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রীও বর্তমানে এই কারাগারেই বন্দি রয়েছেন।

 

আরও পড়ুন: নির্বাচনে কারচুপির তদন্তে মার্কিন নির্দেশনা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net