সৈয়দ হাসসান ।।
গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এটি আমাদের জন্য, বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য, একটি বড় মাইলফলক। এখন পর্যন্ত ৭০০ জনেরও বেশি মানুষ গুমের কারণে নিখোঁজ হয়েছেন। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে নাগরিকদের গুম করতে না পারে, এ জন্যই এই সনদে স্বাক্ষর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি সংস্কার গ্রহণ করা হবে।’
উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ছিল মানবাধিকার রক্ষার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার গ্রহণ। এই লক্ষ্যে, আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসন্স ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (আইসিপিপিইডি)–এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। আইসিপিপিইডি হল জাতিসংঘের আওতাধীন একমাত্র আন্তর্জাতিক কনভেনশন, যা জোরপূর্বক অন্তর্ধান বা গুম প্রতিরোধে কাজ করে। ৩০ আগস্ট জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম দিবস পালনের আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করবে।
