বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

তিতাসের আরেক কূপে ওয়ার্কওভার শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সবচেয়ে পুরোনো তিতাস গ্যাস ফিল্ডের ২৩টি কূপ থেকে প্রতিদিন ৩৯২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে নানান কারণে বন্ধ রয়েছে চারটি কূপ।

by ঢাকাবার্তা ডেস্ক
তিতাসের আরেক কূপে ওয়ার্কওভার শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

স্টাফ রিপোর্টার।।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপ থেকে পুনরায় গ্যাস উত্তোলনের লক্ষ্যে ওয়ার্কওভার শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে কাজের উদ্বোধন করেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক। আগামী দুই মাসের মধ্যেই ওয়ার্কওভার শেষ হলে এই কূপ থেকে জাতীয় গ্রিডে অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সবচেয়ে পুরোনো তিতাস গ্যাস ফিল্ডের ২৩টি কূপ থেকে প্রতিদিন ৩৯২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে নানান কারণে বন্ধ রয়েছে চারটি কূপ। এর মধ্যে ২০০০ সালে খনন করা ২৯.৫ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১৪ নম্বর কূপটি থেকে গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি ওঠায় ২০২১ সালের ১ নভেম্বর থেকে গ্যাস উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শুধু তিতাসই নয়, বিজিএফসিএলের অন্য গ্যাস ফিল্ডগুলোর বেশ কয়েকটি কূপ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তাই গ্যাসের উৎপাদন বাড়াতে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের বন্ধ থাকা সাতটি গ্যাস কূপ ওয়ার্কওভারে ৫২৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে বিজিএফসিএল।

বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক জানান, গত প্রায় ৫৫ বছরে তিতাস গ্যাস ফিল্ডের কূপগুলো থেকে প্রায় সাড়ে পাঁচ টিএসএফ গ্যাস উত্তোলন করা হয়েছে। তবে কূপগুলোতে গ্যাস চাপ কমে যাওয়ায় উৎপাদনও কমছে। গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে কয়েকটি কূপে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। বন্ধ কূপগুলোর ওয়ার্কওভার শেষ হলে গ্যাস ফিল্ডগুলো থেকে গ্যাসের উৎপাদন আরও বাড়বে। প্রকল্প পরিচালক ইসমাইল মোল্লা জানান, মোট সাতটি কূপের মধ্যে চারটির ওয়ার্কওভার কাজ করবে বাপেক্স। এই সাতটি কূপের কাজ শেষ হলে দিনে ৬০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিতাসের ১৪ নম্বর কূপের কাজ শেষ করে পর্যায়ক্রমে বাকিগুলো শুরু হবে। সব ঠিক থাকলে দুই মাসের মধ্যেই তিতাসের ১৪ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক (প্রকল্প ও উন্নয়ন) জাকির হোসেন তরফদার, মহাব্যবস্থাপক (অপারেশন) আশরাফুল আলমসহ কারিগরি বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: ভোলায় অজ্ঞাত রোগে অসুস্থ ৩৫ শিক্ষার্থী, স্কুল ছুটি ঘোষণা

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net