মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

দেশের ছয় জেলায় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ, মত দিল ইউজিসি

জেলাগুলো হলো রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনা

by ঢাকাবার্তা ডেস্ক
দেশের ছয় জেলায় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ, মত দিল ইউজিসি

দেশের ছয় জেলায় নতুন ছয়টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জেলাগুলো হলো রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনা। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ বিষয়ে মতামত বা সুপারিশ করেছে ইউজিসি। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে দেশে ৫৪টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে সম্প্রতি তিনটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ তিনটি হলে দেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয় হবে ৫৭টি। এ ছাড়াও দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৩টি। এগুলোর অধিকাংশের শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে।

বর্তমান সরকার দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতি গ্রহণ করেছে। ইতিমধ্যে অধিকাংশ জেলায় তা করাও হয়েছে। এখন ছয় জেলায় আরও ছয়টি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা চলছে।

জানা গেছে, ইউজিসির কাছে নয়টি জেলায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব যায়। সেগুলো যাচাই করে তারা ছয় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে। বাকি তিন জেলার বিষয়ে সুপারিশ করেনি।

যে ছয়টি জেলার বিষয়ে সুপারিশ করা হয়েছে, তার মধ্যে রাজবাড়ীতে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে ইউজিসি বলছে, এ জেলার পার্শ্ববর্তী দুটি জেলায় (পাবনা ও কুষ্টিয়া) পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও দূরত্ব বিবেচনায় রাজবাড়ীতে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে।

ভোলা জেলার বিষয়ে ইউজিসি বলছে, এটি দেশের একমাত্র দ্বীপ জেলা। পার্শ্ববর্তী জেলার সঙ্গে দূরত্ব অনেক। এ জেলায় বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। তাই এখানে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে বলেছে ইউজিসি।

জয়পুরহাটে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে কৃষি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা এবং প্রত্নতত্ত্ব বিষয়কে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে ইউজিসি। কক্সবাজারে ‘কক্সবাজার বিশ্ববিদ্যালয়’ নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে ইউজিসি। এ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্রবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং মাৎস্যবিজ্ঞান বিষয়কে গুরুত্ব দিতে বলেছে ইউজিসি।

নড়াইলে ‘এস এম সুলতান বিশ্ববিদ্যালয়’ নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন করার সুপারিশ করেছে ইউজিসি। শিল্পী এস এম সুলতানের স্মৃতিবিজড়িত স্থান হওয়ায় এ বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে ইউজিসি।

এ ছাড়া বরগুনা বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে মাৎস্যবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি এবং প্রাকৃতিক সম্পদ আহরণ–সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে ইউজিসি।

নয়টি জেলার মধ্যে ময়মনসিংহ, রংপুর ও গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেনি ইউজিসি।

জানতে চাইলে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁদের কাছে এ প্রস্তাবগুলো এসেছিল। তার মধ্যে তাঁরা ছয়টি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মতামত দিয়েছেন।

আরও পড়ুনঃ জাতিসংঘের দুই সংস্থার প্রতিবেদনে ‘ভুল’ তথ্যের বিষয়ে আপত্তি সরকারের

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net