সোমবার, এপ্রিল ২০, ২০২৬

স্বস্তির বৃষ্টির সঙ্গী ভয়ংকর বজ্র, ১ দিনেই প্রাণ গেল ১০ জনের

বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা, রাঙামাটি, কক্সবাজার ও কুমিল্লায় বৃষ্টির সময়ে হওয়া বজ্রপাতে মোট ১০ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, রাঙামাটিতে ৩ জন, কক্সবাজারে ২ জন, খাগড়াছড়িতে একজন প্রাণ হারিয়েছেন।

by ঢাকাবার্তা ডেস্ক
10 died in thunder strike

স্টাফ রিপোর্টার।।

বৃষ্টিহীন বৈশাখের রুদ্ররূপ সহসাই কেটে যাবে, প্রকৃতি ভিজবে স্বস্তির বৃষ্টিতে— এমন আশায় বসে আছে গোটা বাংলাদেশ। সর্বত্র না হলেও আকাশের দিকে চেয়ে থাকা চট্টগ্রাম বিভাগের বাসিন্দারা আজ সাধ পেয়েছেন কাঙ্ক্ষিত বৃষ্টিসুধার। কিন্তু বৃষ্টি-বিলাসের এই দিনটিতে ভয়ংকর ঘটনাও ঘটেছে এই বিভাগে। বজ্রপাতে আজ একদিনেই চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ১০ জনের।

বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা, রাঙামাটি, কক্সবাজার ও কুমিল্লায় বৃষ্টির সময়ে হওয়া বজ্রপাতে মোট ১০ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, রাঙামাটিতে ৩ জন, কক্সবাজারে ২ জন, খাগড়াছড়িতে একজন প্রাণ হারিয়েছেন।

পার্বত্য জেলা রাঙামাটির দুই উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে রাঙামাটি শহরের সিলেটিপাড়া ও বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নের মুসলিম ব্লকে এবং দুপুরে একই উপজেলার সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লুইনথিয়ান পাড়ায় এসব বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার সিলেটিপাড়া এলাকার বাসিন্দা নজির হোসেন (৫০), বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম (৫৫) এবং  সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লুইনথিয়ান পাড়ায় বেটলিং মৌজার কারবারি মিথুন ত্রিপুরার বোন তনিবালা ত্রিপুরা (২৫)।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, সকালে শহরের সিলেটিপাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে মারা গেছেন। অন্যদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে মোট দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থকে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন তিনি।

কুমিল্লার ৪ উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার চান্দিনা, বুড়িচং, সদর দক্ষিণ ও দেবিদ্বার উপজেলায় মোট চারজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজন কৃষক বলে জানা গেছে।

সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নিহতদের স্বজনদের মাধ্যমে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা পোস্ট।

নিহতরা হলেন—চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর এলাকার সুন্দর আলীর ছেলে কৃষক দৌলতুর রহমান (৪৭), বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকার কুদ্দুস মিয়ার ছেলে কৃষক আলম হোসেন, দেবিদ্বার উপজেলার ধামতী এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান ও সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের সূর্যপুর গ্রামের বাসিন্দা আতিকুল ইসলাম।

নিহত দৌলতের স্বজনরা জানান, বিকেলে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নে ধানের জমিতে কাজ করছিলেন দৌলতুর রহমান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুড়িচং উপজেলায় নিহত আলম হোসেনও কৃষি জমিতে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। তিনি উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকার বাসিন্দা।  দেবিদ্বার উপজেলা ও সদর দক্ষিণ উপজেলায় নিহত ২ জনের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net