বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস আলম

by ঢাকাবার্তা
সারজিস আলম

স্টাফ রিপোর্টার ।।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। গতকাল সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সারজিস আলম লিখেছেন, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই।” তিনি জানান, ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো গতি দেওয়ার জন্য গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ফাউন্ডেশনের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে ‘এক্সিকিউটিভ কমিটি’।

নতুন কাঠামো অনুযায়ী, অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। বর্তমানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সিইও হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ‘গভর্নিং বডি’ ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে। এতে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার ও আইসিটি বিভাগের আরও চারজন উপদেষ্টা থাকবেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, ফাউন্ডেশন প্রথম আর্থিক সহায়তা কার্যক্রম শুরু করে ১ অক্টোবর, আর অফিস চালু হয় ১৫ অক্টোবর। তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২১ অক্টোবর এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন দায়িত্ব পালন করেন।

তিনি আরও লেখেন, “৩১ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ১১ হাজার আহতের মধ্যে ২ হাজারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।”

নিজের দায়িত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করে সারজিস আলম বলেন, “যখন মনে হয়েছে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তখন দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সীমাবদ্ধতা স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি সৎ সাহসের পরিচায়ক। আমি সর্বদা চেষ্টা করেছি দায়িত্ব পালনে সৎ থাকতে।”

সারজিস আলমের নেতৃত্বে সংক্ষিপ্ত সময়ে ফাউন্ডেশন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাঁর বিদায় নতুন কাঠামোতে ফাউন্ডেশনের কার্যক্রমের গতিশীলতা বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net