বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

এননটেক্স কেলেঙ্কারি: আতিউর, বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গত ২০ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক

by ঢাকাবার্তা
আতিউর রহমান ও আবুল বারকাত। গ্রাফিক, গালা

স্টাফ রিপোর্টার ।।

প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. আবুল বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতের নিষেধাজ্ঞায় থাকা অন্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর-২ আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, সাবেক সহকারী পরিচালক ইসমত আরা বেগম, সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, আর এম দেবনাথ, আবু নাসের, সঙ্গীতা আহমেদ ও নিতাই চন্দ্র নাথ।

এছাড়া জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুছ ছালাম আজাদ, সাবেক উপমহাব্যবস্থাপক আজমুল হক, সাবেক এজিএম অজয় কুমার ঘোষ, করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক গোলাম আজম, নির্বাহী প্রকৌশলী শাহজাহান, এসইও এমদাদুল হক, সাবেক ডিএমডি গোলাম ফারুক, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুছ বাদল, সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ও পরিচালক আবু তালহাও রয়েছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছেন, কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে এ সংক্রান্ত আবেদন করলে, শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি এই ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। বন্ধক রাখা জমিতে প্রকৃতপক্ষে কোনো ভবন বা কারখানা না থাকলেও মিথ্যা স্থাপনা দেখিয়ে অতিমূল্যায়নের মাধ্যমে ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net