বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বাহারুল আলম অবসর থেকে ফিরে আইজিপি

দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসর নেন।

by ঢাকাবার্তা
বাহারুল আলম

স্টাফ রিপোর্টার ।। 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। ২০২০ সালে অবসরে যাওয়া বাহারুল আলম পুলিশ বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন আইজিপি নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলী নিয়োগ পেয়েছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছিল। এরপর মো. ময়নুল ইসলামকে আইজিপি এবং মো. মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার করা হয়েছিল।

বাহারুল আলম এর আগে জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরে শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার এবং ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন।

দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসর নেন। এবার তিনি আবারও পুলিশের শীর্ষ পদে ফিরছেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net