ডেস্ক রিপোর্ট ।।
পাক-ভারত মধ্যকার চলমান সামরিক উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, দুই পরমাণু শক্তিধর দেশের এই সংঘাত “আমাদের নিয়ন্ত্রণাধীন নয়” এবং “এই যুদ্ধ আমাদের বিষয় নয়।” বৃহস্পতিবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ভ্যান্স বলেন, “আমরা চাই বিষয়টি যত দ্রুত সম্ভব শান্ত হোক। তবে দেশগুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।” তিনি আরও জানান, “আমরা উত্তেজনা প্রশমনে উৎসাহ দিতে পারি, কিন্তু এমন যুদ্ধে যুক্ত হতে পারি না, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”
এদিকে, পাক-ভারত সীমান্তে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। ইসলামাবাদ দাবি করেছে, এই পাল্টা প্রতিক্রিয়া এখন ধারাবাহিক হয়ে উঠছে। ইতিমধ্যে দুই দিনের সংঘর্ষে অন্তত চার ডজন মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলেছে।
বিশ্লেষকদের মতে, এই উত্তপ্ত পরিস্থিতিতেও প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো চাপ প্রয়োগে আগ্রহী নয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় চলমান এই সংকটের সময় যুক্তরাষ্ট্র মূলত রাশিয়া-ইউক্রেন ও হামাস-ইসরাইল সংঘাত নিয়েই ব্যস্ত।
চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ওয়াশিংটন বর্তমানে পাক-ভারতের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। অন্যদিকে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের ভূরাজনৈতিক গুরুত্ব কিছুটা কমলেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতা এখনো বিদ্যমান।
