স্টাফ রিপোর্টার ।।
প্রথমবারের মতো বাংলাদেশে গান গাইতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ। আগামী ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ কনসার্টে পারফর্ম করবেন তিনি। কনসার্টটি আয়োজন করছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
কনসার্টের ঘোষণা
গতকাল এক ফেসবুক পোস্টে আয়োজক প্রতিষ্ঠান কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে। ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার জানান, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে আমরা নিয়মিত কনসার্ট আয়োজন করি। এবার বড় পরিসরে আয়োজন করছি, যেখানে আইমার সঙ্গে বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় শিল্পীও যুক্ত হবেন।’
আইমা বেগের সংগীতযাত্রা
২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমায় প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমা বেগ। প্রথম সিনেমাতেই তিনটি গানে কণ্ঠ দেন তিনি। ‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ও গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া, ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’সহ বেশ কয়েকটি সিনেমার গান গেয়ে আলোচনায় আসেন এই পাকিস্তানি গায়িকা।
টিকিটের বিস্তারিত শিগগিরই
কনসার্টের টিকিট সংক্রান্ত তথ্যসহ অন্যান্য বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
