স্টাফ রিপোর্টার ।।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব তার জামিন মঞ্জুর করেন।
শফিক রেহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, তার মক্কেল আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরপর খালাস চেয়ে আপিল দায়ের করা হলে আদালত তা গ্রহণ করেন এবং শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করবেন বলে জানান।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এই আদেশ জারি করা হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত।
২০২৩ সালের ১৭ আগস্ট আদালত এই মামলায় শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার, এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের সেপ্টেম্বরে আসামিরা একত্রিত হয়ে পরস্পরের যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।
এই ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।
২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পুলিশের দেওয়া অভিযোগপত্রে শফিক রেহমানসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়। মামলার বিচার চলাকালে সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য প্রদান করেন।
