শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

অবশেষে মুক্তি পাচ্ছে ‘শ্যামা কাব্য’

‘শ্যামা কাব্য’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা।

by ঢাকাবার্তা ডেস্ক
Shyama Kabbo

বিনোদন ডেস্ক।।

গত বছরের ২৪ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ‘শ্যামা কাব্য’ সিনেমাটির। সেই মোতাবেক শুরু হয়েছিল প্রচারণাও। কিন্তু হঠাৎ সিদ্ধান্তে পরিবর্তন আনেন সংশ্লিষ্টরা। মুক্তি স্থগিত করেন, নতুন তারিখ না দিয়েই। দীর্ঘ পাঁচ মাস পর কাটলো অনিশ্চয়তা। অবশেষে মুক্তি পাচ্ছে সেই ছবি।  নির্মাণ করেছেন বদরুল আনাম সৌদ।

‘শ্যামা কাব্য’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা।

‘শ্যামা কাব্য’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা।

জানা গেছে, আগামী ৩ মে বড় পর্দায় উঠছে ছবিটি। এরইমধ্যে নতুন করে প্রচারণা শুরু করেছেন ছবির নির্মাতা-শিল্পীরা। প্রকাশ্যে আনা হয়েছে ছবির একমাত্র গান ‘পাখি যাও যাও’র স্যাড ভার্সন। এছাড়া সম্মিলিত আড্ডার কিছু ফুটেজও শেয়ার করছেন সংশ্লিষ্টরা। যেটার মাধ্যমে কাজটির অভিজ্ঞতা তুলে ধরছেন তারা।

‘শ্যামা কাব্য’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সোহেলকে বেছে নেওয়া প্রসঙ্গে নির্মাতা সৌদ বললেন, ‘আমি আর সুবর্ণা (অভিনেত্রী ও সৌদের স্ত্রী) সোহেলের কাজ দেখছিলাম, ভালো লাগছিল। সেই জায়গা থেকে ওর সঙ্গে দেখা করার প্ল্যান হয়। তো যেদিন দেখা করবো, তার আগের দিন সোহেলের আরও একটি কাজ দেখি। তখনই মনে হয় ওকে নেওয়া যায়। এভাবেই তার যুক্ত হওয়া।’

নীলাঞ্জনা তার যুক্ত হওয়ার স্মৃতি টেনে বলেন, ‘আমি এই ছবিতে সবার শেষে যুক্ত হয়েছি। তবে চিত্রনাট্য অনেক আগেই পড়েছিলাম। তখনই এই চরিত্রটির প্রতি আকর্ষণ বোধ করি। নিজ থেকেই কাজটি করতে চাচ্ছিলাম। পরে যখন ভাইয়া (নির্মাতা সৌদ) ফোন করে জানান আমাকে চূড়ান্ত করা হয়েছে, তখন তো খুব খুশি হয়েছিলাম।’

বলা জরুরি, গত বছরের নভেম্বরে দেশে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল ছিল। হরতাল-অবরোধে জনমনে ছিল আতঙ্ক। যার কারণে ‘শ্যামা কাব্য’ ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছিল। সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি, সাজু খাদেম, শাহাদাত হোসেন, এ কে আজাদ সেতু, শুভাশিস ভৌমিক প্রমুখ। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা।

 

আরও পড়ুন: সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net