শনিবার, মার্চ ১৪, ২০২৬

শাকিব ও সোনালের কাশী মিশন শুরু

শুটিংয়ে নেমেই নায়ক-নায়িকার লুক প্রকাশ করে আকর্ষণ নষ্ট করা হলো কিনা

by ঢাকাবার্তা ডেস্ক
শাকিব ও সোনালের কাশী মিশন শুরু

বিনোদন ডেস্ক।।

কাশীর বেনারসে গঙ্গার তীরে গড়ে ওঠা সেই শহরেই শুরু হয়েছে ঢালিউড তারকা শাকিব খানের নতুন অধ্যায়। সঙ্গী বলিউডের নায়িকা সোনাল চৌহান।

হ্যাঁ, নতুন ছবি ‘দরদ’র কথাই বলা হচ্ছে। এত দিন পর্যন্ত যেটা কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন তা বাস্তবের সিঁড়িতে। কারণ শুক্রবার (২৭ অক্টোবর) থেকেই ছবিটির শুটিং শুরু হয়েছে। আর শুরুর উচ্ছ্বাসটুকু দর্শকের সঙ্গেও ভাগ করে নিলেন নির্মাতা অনন্য মামুন।

শুটিং মনিটরের একটি ছবি শেয়ার করেছেন মামুন। যেখানে দেখা গেলো, এলোমেলো চুল আর খোঁচা দাঁড়িতে শাকিব, পরে আছেন ধূসর নীল গেঞ্জির ওপর চেক শার্ট। তার অপলক চাহনি যার দিকে, তিনি সোনাল চৌহান; পরনে গোলাপি গোলাপি শাড়ি-ব্লাউজ। আবহ দেখে আঁচ করা যায়, এটি তাদের ছোট্ট সংসার। যেটার সৃষ্টি হয়ত প্রেম থেকেই হয়েছে। কেননা নির্মাতা বলেই দিয়েছেন, এটি সাইকো-রোমান্টিক সিনেমা।

শাকিব-সোনালের কাশী মিশন শুরু

এই ছবি দেখে শাকিব ভক্তরা উচ্ছ্বসিত বটে। কিন্তু বাঁকা কথাও বলছেন কেউ কেউ। শুটিংয়ে নেমেই নায়ক-নায়িকার লুক প্রকাশ করে আকর্ষণ নষ্ট করা হলো কিনা, তাই! তবে নির্মাতা অনন্য মামুন সাফ জানিয়ে দিলেন, ‘এটার পর আর কিছু আসবে না। সিনেমা শেষ করে বাকিটা জানাবো।’

‘দরদ’কে বলা হচ্ছে প্রথম বাংলাদেশি প্যান ইন্ডিয়ান সিনেমা। এটি বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ যৌথভাবে প্রযোজনা করছে। নির্মাণ শেষে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় একযোগে মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও বাস্তবতা কতখানি তাদের পক্ষে থাকবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

গত ২৫ অক্টোবর মুম্বাইতে ‘দরদ’ সিনেমার আনুষ্ঠানিক সূচনা হয়। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবি সম্পর্কে বিস্তারিত জানান সংশ্লিষ্টরা। ২৬ অক্টোবর বারাণসীতে পৌঁছান শাকিব-সোনালরা। পৌঁছে ব্যতিক্রম রূপে একটি ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন নায়ক। সঙ্গে ছোট্ট কৃতজ্ঞতা, ‘উষ্ণ অভ্যর্থনা। ধন্যবাদ বারাণসী।’

উল্লেখ্য, ১০ কোটি টাকারও বেশি বাজেটে নির্মিত হচ্ছে ‘দরদ’। হিন্দিতে যদিও সেটিকে লেখা হয়েছে ‘দার্দ’। অথচ দুটি শব্দের অর্থ একেবারেই আলাদা! অন্তর্জালে সমালোচনা রয়েছে এই বিষয়টি ঘিরে। ছবিটিতে শাকিব খান ও সোনাল চৌহানের সঙ্গে বলিউডের রাজেশ শর্মা, কলকাতার পায়েল সরকার, রাহুল দেব, ঢাকার এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, ইমতু রাতিশসহ অনেককে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।

 

আরও পড়ুন: ভারতের পাঁচ শতাধিক প্রেক্ষাগৃহে ‘মুজিব’

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net