চট্টগ্রাম প্রতিনিধি ।।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর চশমা হিলের বাসায় এ ঘটনা ঘটে। মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটিয়েছেন। হামলায় শিক্ষামন্ত্রীর বাসার সামনে থাকা কয়েকটি গাড়ি এবং বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘শিক্ষামন্ত্রীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’
