স্টাফ রিপোর্টার।।
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় তদন্ত কমিশনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, “ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড—পলাশীর পুনরাবৃত্তির মতো। এটার শেকড় খুঁজে বের করতেই হবে।”
তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে ড. ইউনূস জানান, এই ঘটনার রহস্য উদঘাটনে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। তিনি বলেন, “নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই হত্যা করা হয়েছিল। জাতি আজ উত্তর খুঁজছে। কমিশনের ওপর জনগণের আস্থা রয়েছে—তাদের সফল হতেই হবে।”
কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান জানান, তদন্ত কাজ পুরোদমে এগিয়ে চলছে এবং জুন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “ঘটনাটি ১৬ বছর আগের হওয়ায় অনেকের সঙ্গে যোগাযোগে সময় লাগছে। ২৩ জন প্রয়োজনীয় সাক্ষীর মধ্যে ৮ জন ইতিমধ্যে যোগাযোগ করেছেন।”
কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার মন্তব্য করেন, “এমন জঘন্য হত্যাকাণ্ডের পরও এখনো কোনো কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়নি, কাউকে দায়ীও করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী ও রাজনৈতিক ব্যর্থতার প্রমাণ।”
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল।
