ডেস্ক রিপোর্ট ।।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের অবসরপ্রাপ্ত মিউনিসিপ্যাল বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও গতকাল বুধবার মারা গেছেন। অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
‘কট ইন প্রোভিডেন্স’ শো থেকে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এ বিচারক আইনের কঠোর মারপ্যাঁচের মাঝেও দয়া ও মানবিকতার জন্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুতে পরিবার তাঁকে “নিষ্ঠাবান স্বামী, বাবা, দাদা, প্রপিতামহ ও বন্ধু” হিসেবে বর্ণনা করেছে।
ট্রাফিকসহ ছোটখাটো মামলার বিচার করলেও তিনি মানুষের ব্যথা–বেদনা বোঝার চেষ্টা করতেন। সহানুভূতির কারণে বহুবার জরিমানা বাতিল করেছেন। এক ভিডিওতে দেখা যায়, ছেলেকে হারানো এক নারীর মামলা শুনে তিনি তাঁর টিকিট ও ৪০০ ডলারের জরিমানা মওকুফ করে দেন।
তাঁর আদালতকক্ষে ধারণ করা শোতে হাস্যরস, দয়া ও সহজ ভাষায় ন্যায়বিচার ফুটে উঠত। ছোট ছোট ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে শত কোটি বারের বেশি দেখা হয়েছে। আদালতে শিশুদের ডেকে এনে বাবা–মায়ের মামলায় রায় দেওয়ার ভিডিওও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি এক বিবৃতিতে বলেন, ক্যাপ্রিও শুধু ভালো জনসেবকই ছিলেন না, তিনি আদালতে সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর উষ্ণতা ও মানবিক দৃষ্টিভঙ্গি মানুষকে গভীরভাবে স্পর্শ করেছে।
প্রায় চার দশক বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর ক্যাপ্রিও ২০২৩ সালে অবসরে যান। জীবনী অনুযায়ী, তিনি সাধারণ পরিবারের সন্তান, তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বেড়ে উঠেছেন প্রোভিডেন্স শহরের ফেডারেল হিলে।
২০১৭ সালে তিনি বলেছিলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো সহমর্মিতা, ন্যায় ও সদয় মনোভাব কাজে লাগালে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। তাঁর বিশ্বাস ছিল—আক্রমণাত্মক না হয়েও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়।
