শনিবার, মার্চ ১৪, ২০২৬

কুমিল্লা ও ফরিদপুরকে প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার

কুমিল্লা বিভাগে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

by ঢাকাবার্তা
বাংলাদেশ সরকারের সীল

স্টাফ রিপোর্টার ।। 

ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্তও হয়েছে। প্রি-নিকার সচিব কমিটির বৈঠকে এ প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সূত্র জানায়। এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন বিভাগ এবং দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে ফরিদপুর বিভাগে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা এবং কুমিল্লা বিভাগে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করা হয়।

এ ছাড়া কুমিল্লার মুরাদনগর ভেঙে বাঙ্গরা উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি ভেঙে ফটিকছড়ি উত্তর উপজেলা করার খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট ২২টি ইউনিয়ন রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর নিকার বৈঠকে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে পদ্মা বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে মেঘনা বিভাগ করার প্রস্তাব উঠলেও তা অনুমোদন পায়নি। অর্থনৈতিক সংকটের কারণে তখন প্রস্তাব স্থগিত রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতেও নতুন বিভাগ প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net